জয়পুরহাটকে মাদকমুক্ত করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘দিনরাত ২৪ ঘণ্টা আমার ব্যক্তিগত মুঠোফোনে এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ী সম্পর্কে যেকোনো ধরনের তথ্য দেওয়া যাবে। মাদকসেবীদের ব্যাপারে তথ্য পাওয়ামাত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সংশোধনের জন্য জেলে পাঠানো হবে। আর মাদক ব্যবসা, মাদক বহন বা মাদক অপরাধীদের সম্পর্কে তথ্য পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’গতকাল বিকেলে জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মাদক নির্মূলসংক্রান্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘মাদক নির্মূল করতে হলে প্রয়োজন মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের গণপ্রতিরোধ। পরিবার থেকেই এই প্রতিরোধ শুরু করতে হবে। প্রত্যেক অভিভাবক যদি নিজের পরিবারের মাদকসেবী সন্তানকে এ পথ থেকে ফেরানোর চেষ্টা করেন, ফেরানো সম্ভব না হলে তথ্য দিয়ে প্রশাসনের সহযোগিতা নেন, তবে দ্রুততম সময়েই এই জেলা থেকে মাদক নির্মূল সম্ভব। এই ইউনিয়ন থেকেই সীমান্ত জেলা জয়পুরহাটের মাদক রুখে দেওয়ার এ আন্দোলন শুরু হলো।’কালাই কমিউনিটি পুলিশিং সেল আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ী দুষ্ট চক্রের বিরুদ্ধে ঘরে ঘরে এখনই গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’সমাবেশে উপস্থিত ২৭০ জন কমিউনিটি পুলিশিং সদস্য নিজ নিজ পরিবার ও গ্রামকে মাদকমুক্ত করার শপথ নেন। একই ঘোষণা দেন সমাবেশে উপস্থিত অন্য পেশাজীবীরা। জেলা প্রশাসক উপস্থিত পেশাজীবীদের ওই শপথ করান।