জয়পুরহাটে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
জয়পুরহাটের সদর উপজেলার জামালপুর গ্রামে গতকাল মঙ্গলবার অগ্নিদগ্ধ হয়ে মালা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও পুলিশের ভাষ্যমতে, স্বামী হেলাল উদ্দিনের পরকীয়ার কারণে কেরোসিন দিয়ে পুড়িয়ে মালাকে হত্যা করা হতে পারে বা তিনি আত্মহত্যা করতে পারেন।সদর থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আট বছর আগে সদর উপজেলার দাদরাজন্তি গ্রামের আবদুুল ওয়াহেদের মেয়ে মালার সঙ্গে হেলালের বিয়ে হয়। বিয়ের পর পরকীয়ায় জড়িয়ে পড়েন হেলাল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মালার ঘর থেকে চিৎকার শুনে ও ধোঁয়া দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখতে পায়, মালার মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।আবদুল ওয়াহেদ প্রথম আলোকে জানান, কিছুদিন আগে মালা তাঁকে জানান হেলাল পরকীয়া করছেন। এ কারণে মালাকে হত্যা করা হতে পারে, নয় তো তিনি অভিমানে আত্মহত্যা করতে পারেন।হেলাল উদ্দিন মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন থাকায় আত্মহত্যা করেছেন। তিনি কোনো পরকীয়ার সঙ্গে যুক্ত নন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হেলালের পরকীয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে। তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।