জয়পুরহাটে আ.লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত
জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজশিক্ষক মনোয়ার হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।
গতকাল রোববার চৌমুহনী মাধাইনগর রাস্তার সরকার পুকুরপাড় মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। মনোয়ারকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোয়ার হোসেন জানান, তিনি আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজের প্রভাষক। গতকাল কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে তিনি জয়পুরহাটের নিজ বাসায় ফিরছিলেন। বেলা একটার দিকে চৌমুহনী মাধাইনগর রাস্তার সরকার পুকুরপাড় মোড়ে পৌঁছালে জামায়াত-শিবিরের ১০-১৫ জন নেতা-কর্মী তাঁর গতি রোধ করেন। দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে নিতে গিয়ে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে লাঠি দিয়ে পেটান এবং হাতে ও পায়ে ছুরিকাঘাত করে আহত করেন।
এ নিয়ে গত ছয় দিনে জয়পুরহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতা হামলার শিকার হলেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এসব হামলা করেছেন বলে আওয়ামী লীগের স্থানীয় নেতারা অভিযোগ করেছেন।
আমদই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আমদই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহানুর রহমান বলেন, যেভাবে রাস্তাঘাটে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা শুরু করেছেন, তাতে দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত শুক্রবার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অমূল্য চন্দ্র মণ্ডলকে মুখোশধারী চার-পাঁচজন যুবক বেদম লাঠিপেটা করে আহত করে। এ ছাড়া গত মঙ্গলবার হরতাল চলাকালে সদর উপজেলার পুরানাপৈল বাজারে হরতালকারীরা জয়পুরহাট জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদকে কুপিয়ে জখম করে।
এসব হামলার সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমির মামুনূর রশীদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত-শিবিরের ওপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। তারা নিজেদের মধ্যে সহিংসতা ঘটালেও অভিযোগ উঠছে জামায়াত-শিবিরের বিরুদ্ধে।
সদর থানার ওসি আবদুর রশিদ বলেন, আবদুল ওয়াহেদ ও মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় গতকাল পর্যন্ত থানায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।