জয়পুরহাটে আ.লীগের দুই নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের প্রবীণ দুই নেতাকে গত সোমবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ওই দুজনসহ জেলা কমিটির ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বহিষ্কার হওয়া নেতারা হলেন জেলা কমিটির সহসভাপতি মহিমচন্দ্র সরকার ও সদস্য আবদুস সালাম আকন্দ।দলীয় সূত্রে জানা গেছে, গত পৌর নির্বাচনে জয়পুরহাটের চারটি পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগ ও পৌর কমিটি মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করে। এতে জয়পুরহাট পৌরসভায় নন্দলাল পার্শীকে, আক্কেলপুর পৌরসভায় সৈয়দ নাজমুল হুদা, পাঁচবিবি পৌরসভায় সামছুল আলম ও কালাই পৌরসভায় বেলাল তালুকদারকে মেয়রপ্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়। দলীয় মেয়রপ্রার্থীদের পক্ষে নির্বাচনে কাজ না করার অভিযোগ এনে জেলা আওয়ামী লীগ গত ২৯ জানুয়ারি জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। গত ৭ মার্চ কারণ দর্শানোর জবাব দেওয়ার তারিখ ছিল। ওই ১০ জন ইতিমধ্যে কারণ দর্শানোর জবাব দেন। এ বিষয়ে মহিমচন্দ্র সরকার জানান, যে অভিযোগে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে, তা সত্য নয়। তিনি জবাব দিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন।