জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য এবং পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র মণ্ডলকে শনিবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিখিল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এস এম সোলায়মান আলী অভিযোগ করেন, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তাঁকে হত্যার ষড়যন্ত্রের কথোপকথনের একটি সিডি তাঁর হস্তগত হয়। এ ব্যাপারে গত ১৬ এপ্রিল তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে শনিবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় নিখিল চন্দ্র মণ্ডলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।