জয়পুরহাটে আদিবাসীদের ঘোড়ানাচ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের আদিবাসী পালী গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়ানাচের মেলা অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক বছর থেকে হয়ে আসা এই মেলা কেন্দ্র করে আদিবাসী পল্লিতে ছিল উৎসবের আমেজ।মেলায় বিভিন্ন আদিবাসী গোত্রের আদিবাসী পুরুষেরা ঘোড়ানাচে (প্রতীকী ঘোড়া) অংশ নেন। আদিবাসীরা বাঁশের ফালটা (কাবারি) দিয়ে ঘোড়ার আকৃতি করে সেখানে কাপড় ও মোটা কাগজ লাগিয়ে লাল ও সাদা ঘোড়া তৈরি করেন। সেই ঘোড়া নিয়ে নাচেন এক আদিবাসী যুবক। আদিবাসীদের নিজস্ব বাদ্যযন্ত্রের বাজনার তালে তালে ঘোড়ার নাচ অনুষ্ঠিত হয়। ঘোড়ার নাচে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জয়পুরহাট-১ আসনের (সদর-পাঁচবিবি) সাংসদ মোজাহার আলী প্রধান। উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আ স ম মুক্তাদীর তিতাস, আসমা বেগম, ভাদসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রমুখ।আদিবাসী নেতা কার্তিক চন্দ্র শিং (৭৮) জানান, ২০০ বছরের বেশি সময় ধরে পালী গ্রামে আদিবাসীরা কালী পূজার দুই দিন পর ঐতিহ্যবাহী খাটাকোবা সহরায় ঝান্ডি উৎসব ও ঘোড়ানাচের মেলা ও পূজা-অর্চনা করে আসছে। এই পূজা-অর্চনা ও ঘোড়ানাচ কেন্দ্র করে পালী গ্রামে প্রতিবছর আদিবাসীদের এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলার শুধু আদিবাসী নারী-পুরুষ নয় আশপাশের গ্রামগুলো থেকে বিভিন্ন ধর্মের নারী-পুরুষের সমাগম ঘটে।