জয়পুরহাটে আড়াই বছরে ২২৯ জনের আত্মহত্যা
জয়পুরহাটে দুই বছর সাড়ে পাঁচ মাসে আত্মহত্যা করেছে ২২৯ জন। আর আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে দেড় শতাধিক নারী-পুরুষ।
মা-বাবা বিয়ে দিয়েছিলেন নাসরিন আক্তারকে (২৫)। তিনি কন্যাসন্তানের মা-ও হন। এর মধ্যে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। অবশেষে গত ১৮ মার্চ দেড় বছরের শিশুকন্যা হুমাইয়া বেগমকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নাসরিন। তিনি কালাই উপজেলার পাঁচগ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী ও ক্ষেতলালের ভাসিলা গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।
আক্কেলপুরের দেবিসাউল গ্রামের মার্জিয়া সুলতানা নবম শ্রেণির ছাত্রী ছিল। মার্জিয়া লেখাপড়া করতে চায়। পরিবার তাকে বিয়ে দিতে চায়। বিয়ের পাত্রও প্রায় ঠিক। ছেলেপক্ষ মার্জিয়াকে দেখতে আসবে। এ কথা জানার পর গত ১৭ এপ্রিল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
কালাইয়ের উতরাইল গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে মনিষা আক্তার। সে কালাইয়ের নান্দাইল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। তার প্রতিবেশী শাহিন হোসেন তাকে উত্ত্যক্ত করত। গত ২০ এপ্রিল মা-বাবা বাড়িতে না থাকায় মনিষাকে একা পেয়ে শাহিন তার শ্লীলতাহানির চেষ্টা করে। ক্ষোভে মনিষা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
গত ২২ এপ্রিল জয়পুরহাট পৌরসভার সবুজনগর এলাকার কামরুন নাহার মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গত ২৯ এপ্রিল শহরের বাবুপাড়া এলাকার জেলা ক্রীড়া সংস্থার হকি কোচ আমজাদ আলী (৬৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ছাড়া গত ৭ জানুয়ারি সদরের মহুরুল গ্রামের সাজ্জাদুল ইসলাম, ২৪ জানুয়ারি সাওয়ালপাড়া গ্রামের রায়হান হোসেন, ২৬ জানুয়ারি পারুলিয়া গ্রামের রতন চন্দ্র, ২৮ জানুয়ারি পাঁচবিবির গোরনা গ্রামের উজ্জ্বল হোসেন, ১৭ এপ্রিল ক্ষেতলালের হিন্দা কসবা গ্রামের আরাফাত হোসেন, গত ১ মে সদরের বাগুয়ান গ্রামের কৃষক আবুল হোসেন ও গত ১৪ মে ক্ষেতলালের ফকিরপাড়া গ্রামের গৃহবধূ সাদিয়া বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ২ মে কালাইয়ের পূর্ব দুর্গাপুর জালাইগাড়ি গ্রামের কৃষক রুহুল আমিন কীটনাশক পান করলে তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়, জেলা আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ১১১ জন ও ২০১৬ সালে ৯২ জন আত্মহত্যা করেছে। আর চলতি বছরের ১৪ মে পর্যন্ত আত্মহত্যা করেছে আরও ২৬ জন। আত্মহত্যা করতে গিয়ে চিকিৎসা নিয়ে বেঁচে গেছেন দেড় শতাধিক নারী-পুরুষ। এ নিয়ে পাঁচটি থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রয়েছে ২২৯টি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, সামাজিক অবক্ষয় ও পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে।
জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল মতিন বলেন, আত্মহত্যা রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। পারিবারিকভাবে হতাশাগ্রস্ত মানুষের পাশে থেকে তাঁকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে হবে, পারিবারিক কলহ দ্রুত মিটিয়ে ফেলা, মসজিদে খুতবা দেওয়া ও সচেতনতা সৃষ্টিতে সেমিনার করতে হবে।
জয়পুরহাটে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অধীনে বাল্যবিবাহ ও আত্মহত্যার বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। ৩৪ জনের আত্মহত্যার কারণ বিশ্লেষণ করেছে তারা। এ বিষয়ে জেলা ব্র্যাকের প্রতিনিধি মো. আখতারুল ইসলাম বলেন, মা-বাবার ওপর অভিমান, দাম্পত্য কলহ, যৌতুক, প্রেমে ব্যর্থ, পরিবারের অমতে কম বয়সে ভালোবেসে বিয়ে ও সে বিয়ে পরিবার মেনে না নেওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটছে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আতাউর রহমান বলেন, হতাশা, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহে মানুষ আত্মহত্যা করছে। মানসিক অস্থিরতাও আত্মহত্যার কারণ। জেলা হাসপাতালগুলোতে মনোরোগ চিকিৎসক নিয়োগ দেওয়া হলে মানসিক রোগীরা স্থানীয়ভাবে চিকিৎসা পেলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে।