জয়পুরহাটে ঈদবাজার জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরে ঈদের কেনাবেচা বেশ জমে উঠেছে। গ্রামগঞ্জ থেকে নারীরা সন্তানসহ এসে মার্কেটগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন। রোজার ১০-১২ দিনের পর থেকেই পোশাক-আশাকের দোকানিরা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। রোজার শুরু থেকেই বেচাবিক্রি ভালো হওয়ায় এবার ব্যবসায়ীরা খুশি।
সরেজমিনে গত সোমবার জয়পুরহাট শহরের নিউমার্কেট, সদর রাস্তার পাশের কাপড়ের দোকান, মাড়োয়ারিপট্টি এবং পূর্ব বাজারের পোশাক ও জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ব্যবসায়ীরা ক্রেতাদের চাহিদার দিকে লক্ষ রেখে দোকানে তুলেছেন বিভিন্ন ডিজাইনের থ্রি-পিস, লেহেঙ্গা, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। ক্রেতা আকর্ষণে এবং পণ্যের প্রচারে কোনো কোনো ব্যবসায়ী শহরে মাইকিংও চালাচ্ছেন।
শহরের শাপলা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী বায়েজিদ হোসেন বলেন, এবার স্কুল-কলেজে পড়ুয়া মেয়েরা লেহেঙ্গা, থ্রি-পিস, কটি ফ্রক, গাউনের মতো পোশাক বেশি কিনছে। এসব পোশাক ১ হাজার ২০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে পাওয়া গেলেও দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মূল্যের পোশাকই বেশি বিক্রি হচ্ছে।
নকশা ফ্যাশন হাউসের বিক্রেতা জহুরুল ইসলাম বলেন, পাঞ্জাবি-প্যান্ট-শার্টও ভালো বিক্রি হচ্ছে। দাম মোটামুটি গতবারের মতোই।
শংকর বস্ত্রালয়ের বিক্রেতা রেফাত হোসেন বলেন, রোজা শুরুর পরপরই গ্রামগঞ্জ থেকে নারী-পুরুষ শহরে কেনাকাটা করতে আসছেন। গ্রামীণ নারীদের অধিকাংশের পছন্দ টাঙ্গাইল শাড়ি। নিজেদের পাশাপাশি তাঁরা মা, শাশুড়ির জন্যও টাঙ্গাইল শাড়ি থেকেই বেছে নিচ্ছেন। এর মধ্যে ৫৫০ থেকে ৩ হাজার টাকা দামের শাড়িই বেশি বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, তাঁদের দোকানে ২৬ হাজার টাকা দামের লেহেঙ্গাও আছে। তবে তা এখনো বিক্রি করা সম্ভব হয়নি।
সদর উপজেলার জামালপুর গ্রামের গৃহবধূ আকলিমা বেগম এসেছেন স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের নিয়ে ঈদের বাজার করতে। নিজের ও শাশুড়ির জন্য কিনেছেন টাঙ্গাইলের শাড়ি। ছেলের জন্য কিনেছেন প্যান্ট ও মেয়ের জন্য থ্রি-পিস। গতবারের চেয়ে এবার বাচ্চাদের পোশাকের দাম একটু বেশি মনে হচ্ছে তাঁর।
সদর উপজেলার নওপাড়া গ্রামের মোর্শেদা বেগম বলেন, তিনি ঈদের বাজার করতে এসে শুধু ছেলের জন্যই কেনাকাটা করেছেন। নিজের জন্যও শাড়ি কিনতে এসেছিলেন। কিন্তু শাড়ি পছন্দ হলেও দাম বেশি হওয়ায় কেনেননি। আরেক দিন শাড়ি কিনতে আসবেন। তাঁর মতে, শাড়ির দাম গতবারের চেয়ে এবার অনেক বেশি।
নিউমার্কেটে গার্মেন্টসের তৈরি পোশাকও বেশ ভালো বিক্রি হচ্ছে। ঈদের কেনাকাটা করতে আসা সদর উপজেলার ধারকি গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, এবার ধানের যে দাম তাতে কৃষকদের লোকসান গুনতে হয়েছে। তা না হলে কৃষক পরিবারগুলো ঈদের কেনাকাটা আরও ভালোভাবে করতে পারত। তারপরও যতটুকু পারছে কেনাকাটা করছে। ঈদ বলে কথা।
দুর্গা বস্ত্রালয়ের মালিক বিনোদ মোড় বলেন, ১০ রোজার পর থেকেই ক্রেতার ভিড় বাড়ছে। এখন মূলত গ্রামগঞ্জের ক্রেতা বেশি বলে জানান তিনি। শহরের চাকরিজীবীদের বেতন-বোনাস হলে বেচাবিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।