জয়পুরহাট জেলা নার্সিং ইনস্টিটিউটে গতকাল শনিবার পুষ্টি, নিরাপদ প্রসব ও নবজাতকের যত্ন বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আবদুর রহিম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জোবায়ের গালীবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী, সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা শহীদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক নার্গিস আখতার, মাহফুজা খানম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা (আইইএম) রেহেনা ফেরদৌসী।
অনুষ্ঠানে জানানো হয়, পুষ্টি, নিরাপদ প্রসব ও নবজাতকের যত্নের অভাবে জুলাই-১৪ থেকে জুন-১৫ এক বছরে জেলায় ১০ জন মা, এক বছরের নিচের ১২৩ শিশু ও ১ থেকে ৫ বছর বয়সের ৪২ শিশুর মৃত্যু হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আইইএম ইউনিট সাংবাদিকদের জন্য এ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। অনুষ্ঠানে মায়েদের প্রসবকালীন নানা জটিলতা ও নবজাতকের যত্ন বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে চিকিৎসকেরা গর্ভবতী মায়েদের গর্ভের সন্তান আসার সঙ্গে সঙ্গে যত্ন নেওয়া এবং চিকিৎসককে দিয়ে চেকআপ করানো এবং সন্তান প্রসবের জন্য অবশ্যই হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সন্তান ভূমিষ্ঠ হলে শিশুকে মায়ের শালদুধ দিতে হবে, শিশুর যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনে তাকে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়। এতে করে মা ও নবজাতকের অকালমৃত্যু রোধ করা সম্ভব। এসব সচেতনতামূলক প্রচার চালানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।