জয়পুরহাটে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন এই গ্যাস ব্যবহারকারীরা। এখানে দুই মাসের ব্যবধানে এলপি গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডারপ্রতি ৯০-১০০ টাকা। এলপি গ্যাস সিলিন্ডারের ডিলার ও ব্যবসায়ীরা জানান, ২ অক্টোবর থেকে বিভিন্ন বেসরকারি কোম্পানি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯০-১০০ টাকা বাড়ানোর কারণে তাঁরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যমুনা কোম্পানির ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার এক হাজার ৫২০ টাকা, ক্লিনহিট এক হাজার ৬০০ টাকা, বসুন্ধরা এক হাজার ৫৭০ টাকা ও টোটাল গ্যাসের সিলিন্ডার এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা বাবলু চন্দ্র পাল জানান, দুই মাস আগে যে গ্যাস সিলিন্ডার এক হাজার ৪৩০ টাকা কিনেছেন, তা এখন এক হাজার ৫৩০ টাকায় কিনতে হচ্ছে। জয়পুরহাট শহরের পদ্মা অয়েল কোম্পানির (সরকারি) এজেন্ট প্রতিষ্ঠান জিএম চৌধুরীর ব্যবস্থাপক কাজল হোসেন ও সিঁথি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ইউনুছ আলী জানান, দুই মাস আগে তারা যমুনার গ্যাস সিলিন্ডার বিক্রি করেছেন এক হাজার ৪৫০ টাকা। তা এখন বিক্রি হচ্ছে এক হাজার ৫৩০ থেকে এক হাজার ৫৪০ টাকায়। টোটাল গ্যাস কোম্পানির ডিলার পারভেজ হোসেন জানান, গত রোজার ঈদে টোটাল গ্যাস এক হাজার ৪৩০ টাকায় বিক্রি হয়েছে। তা এখন এক হাজার ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দাম আরও বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। যমুনা অয়েল কোম্পানির এজেন্ট ও মেসার্স তাজ অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী জিয়াউল হক আল-আমিন চৌধুরী জানান, সরকারিভাবে সরবরাহ করা এলপি গ্যাস সিলিন্ডারের প্রতিটির মূল্য ৭২৫ টাকা। কিন্তু তাঁরা প্রতি মাসে ৪০-৫০টির বেশি সিলিন্ডার সরবরাহ পান না।