জয়পুরহাটে কাল চারুকলা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে পাঁচ দিনব্যাপী চারুকলা উৎসব শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। শহরের অদূরে তেঘর উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসবে অংশ নেবেন দেশের নবীন-প্রবীণ খ্যাতিমান শিল্পীরা।
চারুকলা উৎসব উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক হারুন আর রশিদ জানান, চারুশিল্পী ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে জয়পুরহাটে প্রথমবারের মতো এ আয়োজন হচ্ছে। সুকুমার শিল্পচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এ আয়োজন। এতে অংশ নিচ্ছেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, সৈয়দ আবুল বারক আলভী, মাহমুদুল হক, আব্দুস শাকুর শাহ, ফরিদা জামান, নাইমা হক, রণজিৎ দাস, আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, বিপাশা হায়াতসহ অন্তত ২৫ জন চিত্রশিল্পী। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারুকলায় অধ্যয়নরত জয়পুরহাটের শিক্ষার্থীসহ ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী এতে অংশ নেবেন। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উৎসবে সহযোগিতা করছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখা, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন।