জয়পুরহাটে কুপিয়ে, পাবনায় গলা কেটে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলায় আমিরুল ইসলাম (২৫) নামের এক মাইক্রোবাসচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার উপজেলার জোড়গাছা-মাঝগ্রাম সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন জয়পুরহাটে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে হাসিবুল করিম (২৩) নামের এক যুবক খুন হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাইক্রোবাসে গ্যাস ভরতে সিএনজি স্টেশনের উদ্দেশে বের হন আমিরুল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে জোড়গাছা-মাঝগ্রাম সড়কের মুক্তার বিলের পাশে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আমিরুলের মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার ফকিরপাড়া গ্রামের জাবুল প্রামাণিকের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আমিরুলের স্বজনেরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে ৮ থেকে ১০ জন যুবক শহরের চামড়াগুদাম এলাকায় ধারালো অস্ত্র দিয়ে হাসিবুলকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। হাসিবুল পৌর এলাকার আরাফাতনগরের ব্যবসায়ী হাসানুর রহমান তালুকদারের ছেলে।