জয়পুরহাটে গ্রেপ্তার-আতঙ্ক, সাত গ্রামের পুরুষ ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের সদর উপজেলার বম্বু ইউনিয়নের কয়েক গ্রামের পুরুষ মানুষ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। উপজেলার ধারকী বড়াইল গ্রামে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ দেড় হাজার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছে। এ কারণে গ্রেপ্তার আতঙ্কে তাঁরা গ্রাম ছেড়েছেন। জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান হোসেন বাদী হয়ে রোববার মামলাটি করেন।গতকাল সোমবার সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল, মণ্ডলপাড়া, আকন্দপাড়া, ফকিরপাড়া, মীরপাড়া, রশিদার ও পাথারপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, কোনো পুরুষ মানুষ বাড়িতে নেই। গ্রামগুলোর নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামের মহিলারা অভিযোগ করে বলেন, ‘ওয়াজ মাহফিল শুনতে গিয়ে পুলিশ ধরে নিয়ে যাবে—এটা আমরা ভাবিনি। দোষ করলে বক্তারা করেছে।’ বুড়াইল গ্রামের রোকেয়া বেগম, শাহেবানু, নার্গিস বেগম, মঞ্জুয়ারা, ফজিলা বেগমসহ কয়েকজন গৃহবধূ অভিযোগ করেন, রাতে পুলিশ এসে বাড়ি বাড়ি তল্লাশি করে। তাঁদের স্বামীরা পুলিশের ভয়ে বাড়িতে ছিলেন না। ধারকী বড়াইল গ্রামের গৃহবধূ ফজিলা বেগম অভিযোগ করেন, তাঁর ছেলে সোটাহার মাদ্রাসা থেকে সামনে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষা দেবে। পুলিশ তাঁকে ধরে নিয়ে গেছে। তাঁর ছেলে নির্দোষ।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, রাতে তাঁরা ওই এলাকার কয়েক গ্রামে অভিযান চালিয়েছেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেননি। তিনি দাবি করেন, অযথা কাউকে গ্রেপ্তার করে হয়রানি করা হবে না। মামলা তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার করা হবে। কারা ওই ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল তাঁদেরও চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।গত শনিবার দিবাগত রাতে প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়েই বম্বু ইউনিয়নের একটি মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে আসা লোকজনের হামলায় চার পুলিশ সদস্য আহত হন। এ অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার ও মামলা করা হয়। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।