জয়পুরহাটে গ্রেপ্তার হওয়া ব্যক্তির কারাগারে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া হাজতি এরশাদ সরদার (২২) জেলা কারাগারে মারা গেছেন।এরশাদ কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তাঁর পরিবার জানিয়েছে।হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত একটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে এরশাদকে জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জেলা কারাগারের জেলার তারেক কামাল বলেন, মধ্যরাতে হঠাৎ করেই এরশাদ সরদার অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি আবদুর রশিদ বলেন, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। গত ৫ নভেম্বর জয়পুরহাটে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন এরশাদ সরদার। ১২ নভেম্বর কালাই থানা পুলিশ নিজ বাড়ি থেকে এরশাদকে গ্রেপ্তার করে।গতকাল জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের উপস্থিতিতে এরশাদের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরশাদের চাচাতো ভাই আবদুস সবুর বলেন, তাঁর ভাই এরশাদ সরদার বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পুলিশ তাঁকে অন্যায়ভাবে জামায়াত-পুলিশ সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করে।