জয়পুরহাটে চলছে ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে চারুকলা উৎ​সবে ঘণ্টা বাজিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও বরেণ্য চিত্রশিল্পীরা। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো
জয়পুরহাটে চারুকলা উৎ​সবে ঘণ্টা বাজিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও বরেণ্য চিত্রশিল্পীরা। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো

জয়পুরহাটের তেঘর উচ্চবিদ্যালয় মাঠে বরেণ্য চিত্রশিল্পী ও স্কুলশিক্ষার্থীদের আঁকা ছবির দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঘণ্টা বাজিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমরজিৎ রায়চৌধুরী, চারুকলা উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ ইউনুস, প্রধান সমন্বয়ক হারুনুর অর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, তেঘর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোত্তালেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, এ রকম একটি কর্মযজ্ঞ জয়পুরহাটে হওয়ায় তিনি ঢাকা থেকে আগত বরেণ্য শিল্পী, শিক্ষার্থী ও উৎসব কমিটির সবার প্রতি কৃতজ্ঞ।
সমরজিৎ রায়চৌধুরী বলেন, এ রকম ছবি আঁকা ও শেখার উৎসব সারা দেশে ছড়িয়ে পড়ুক। শুধু শিক্ষার্থী নয়, সব মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনাবোধ জাগ্রত হলে আগামী দিনে সুন্দর জাতি গড়ে উঠবে।
মোহাম্মদ ইউনুস বলেন, কোমলমতি শিশুদের হৃদয় থেকে কুসংস্কার ও সাম্প্রদায়িকতা দূর করে মুক্ত মানসিকতা নিয়ে তাদের গড়ে উঠতে দিতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। কোনো কিছু শিশুদের ওপর চাপিয়ে দিয়ে তাদের মন খারাপ করা যাবে না। এই জয়পুরহাটের শিশুরাও জয় করবে অনেক কিছু। এমন উৎসব দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ুক। ১৫ মার্চ থেকে তিন দিন ধরে জয়পুরহাটের ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী হাতেকলমে চিত্রাঙ্কন শিক্ষা নেয়। এই উৎসবের সহযোগিতা করছে প্রথম আলো, জেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।