জয়পুরহাটে চালের দাম তিন থেকে পাঁচ টাকা বেড়েছে
বোরো ধানের ভরা মৌসুমে চাল ও ধানের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম তিন থেকে পাঁচ টাকা বেড়েছে।জয়পুরহাট শহরের চাল ব্যবসায়ী ও চালকলের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮-১০ দিনের ব্যবধানে চালের দাম বেড়েছে। বর্তমানে জিরাশাল জাতের চাল প্রতি কেজি ৩৫ টাকা, বিআর-২৮ জাতের চাল ৩০-৩২ টাকা, বিআর-২৯ জাতের চাল ৩২-৩৩ টাকা দামে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও জিরাশাল চাল ৩০-৩১ টাকা, বিআর-২৮ জাতের চাল ২৭-২৮ এবং বিআর-২৯ জাতের চাল ২৬-২৮ টাকায় বিক্রি হয়েছে।শহরের আমতলী বাজারের পাইকারি চাল বিক্রেতা অভি ট্রেডার্সের মালিক আবু বক্কর সিদ্দিক জানান, গত কয়েক দিনের ব্যবধানে চালের দাম মণপ্রতি এক শ থেকে দেড় শ টাকা বেড়েছে। ১৬ জুন ওই ব্যবসায়ী জানান, জিরাশাল প্রতি মণ চাল এক হাজার ৩৫০ টাকা, বিআর-২৮ জাতের এক হাজার ৩০০, বিআর-১৬ জাতের চাল এক হাজার ১৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ধানের দাম বেড়ে যাওয়ায় চালকলের মালিকেরা চালের দামও বাড়িয়েছেন।জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক বারী অটোরাইচ মিলের মালিক আমিনুল বারী জানান, বোরো ধান কাটার শুরুতে বৃষ্টি ও ভেজা ধান হওয়ায় ওই সময় চালকলের মালিকেরা ধান কিনতে পারেননি। ওই সময় ধানের দামও কম ছিল। এখন আবহাওয়া শুষ্ক থাকায় চালকলের মালিকেরা সরকারিভাবে খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তির চাল সরবরাহের জন্য বেশি দামে ধান কিনতে হচ্ছে।জেলার কালাই উপজেলার পাঁচশিরা বাজারের মেসার্স আলম অ্যান্ড ব্রাদার্স রাইচ মিলের মালিক ও কালাই উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল বারী বলেন, জেলার বাইরেও বিপুল পরিমাণ ধান ও চাল ট্রাকে করে চলে যাচ্ছে। এ ছাড়া চালকলের মালিকেরা সরকারিভাবে খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ থাকায় একযোগে ধান কেনা শুরু করায় দাম বেড়ে গেছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সরকারিভাবে ২২ হাজার ৪৮৯ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওই পরিমাণ চাল সরবরাহের জন্য জেলার ৫০৩ জন চালকলের মালিক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ১৬ জুন পর্যন্ত দুই হাজার ৬৬০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চৌধুরী মোছাব্বের হোসেন খান জানান, শুরুর দিকে কৃষকের ধান ভেজা হওয়ায় তা কেনা সম্ভব হয়নি। এখন আবহাওয়া শুষ্ক হওয়ায় কৃষকেরা বাজারেই ধানের দাম বেশি পাচ্ছেন। তাই খাদ্যগুদামে ধান কেনার জন্য মাইকিং করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।