জয়পুরহাটে চালের দাম বেড়েছে কেজিপ্রতি চার-পাঁচ টাকা
জয়পুরহাটের বিভিন্ন হাটবাজারে গত কয়েক দিনে চালের দাম কেজিপ্রতি ৪-৫ টাকা করে বেড়েছে। চালের দাম বেড়ে যাওয়ায় কষ্ট বেড়ে গেছে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষের। অসময়ে সরকারের চাল ক্রয়ের সিদ্ধান্তে হাটবাজারে ধান সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে মনে করছেন মিল মালিক ও চাতাল ব্যবসায়ীরা।
মাত্র ২০ দিন আগেও জয়পুরহাটে মোটা চাল প্রতি কেজি ২২ থেকে ২৪ টাকায় বিক্রি হয়েছে। সেই চাল এখন ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। বি আর–২৮ চাল কেজিপ্রতি ৫ টাকা বেড়ে ৩৯ টাকা হয়েছে। মিনিকেট, কাটারিভোগ, জিরাশালের মতো চিকন চাল কেজিপ্রতি ৪-৫ টাকা করে বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের দাবি, মোকামের মহাজনদের কাছ থেকে তাঁরাই বেশি দামে চাল কিনতে বাধ্য হচ্ছেন। তারপর নিজেরা কেজিপ্রতি এক থেকে দেড় টাকা লাভ রেখে বিক্রি করছেন।
শহরের সাহেব বাজারের খুচরা চাল বিক্রেতা রাকিব চাল ঘরের মালিক ফারুক হোসেন গতকাল শুক্রবার বলেন, নওগাঁর মোকাম থেকে তাঁরা বেশি দামে চাল কিনে কেজিপ্রতি এক–দেড় টাকা লাভে বিক্রি করছেন। তিনি বলেন, তুলনামূলকভাবে মোটা চালের প্রকারভেদে ৪-৫ টাকা করে কেজিপ্রতি দাম বেড়েছে। চিকন জাতের চালও কেজিপ্রতি ৪-৫ টাকা করে দাম বেড়েছে।
চাল কিনতে আসা জয়পুরহাট শহরের পরিচ্ছন্নতাকর্মী টুলটুল বলেন, ১৫-১৬ দিন আগেও যে চাল তিনি ২৮ টাকা কেজি করে কিনেছেন, সেই চাল এখন ৩৩ টাকা করে কিনতে হচ্ছে।
শহরের আমতলী এলাকার পাইকারি চাল ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, মোটা ও চিকন সব ধরনের চালের দামই বেড়েছে। তবে প্রকারভেদে তা কেজিপ্রতি ৪ থেকে ৬ টাকা করে বেড়েছে। বাজারে চালের আমদানি কম। গ্রামের কিছু ক্ষুদ্র ব্যবসায়ী বাজার থেকে ধান কিনে বাড়িতে চাল তৈরি করে বিক্রি করতেন। কিন্তু ধানের দাম বেশি হওয়ায় তাঁরা আর চাল করছেন না। মহাজনের কাছেও দাম বেশি।
কালাই উপজেলার পাঁচশিরা বাজারের ফিরোজা অটোরাইস মিলের মালিক আবদুল বারী বলেন, সরকার এবার বোরো ধান আগে কিনেছে। পরে চাল কেনা শুরু করেছে। আর যে সময়ে চাল কেনা শুরু করেছে সরকার, তখন বাজারে ধানের আমদানি একেবারে কম। ধানের বাজারও এখন চড়া। চুক্তিবদ্ধ মিল মালিকেরা একযোগে বাজারে ধান কিনতে নামায় দাম বেড়ে গেছে। এ ছাড়া আগে সরকার মে-জুন মাসে বোরো চাল কিনত। এবার আগস্ট মাসে চাল কেনা শুরু হয়েছে বলে মিল মালিকেরা জানান।
ধান ব্যবসায়ী দিলীপ সেন বলেন, বাজারে ধানের আমদানি নেই। বাজারে মোটা ধান ৪০ কেজির দাম ৮২০ থেকে ৮৫০ টাকা। আর ৪০ কেজি চিকন জাতের ধান ৯০০ থেকে ৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ মৌসুমে বোরো ধান কেনা হয়েছে ১৪ হাজার ৭০ মেট্রিক টন। আর চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ১৬৬ মেট্রিক টন। চাল সরবরাহের জন্য জেলার ৫২০ জন মিল মালিক চুক্তি করেছেন।
জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, ধান আর চাল একসঙ্গে কেনা সম্ভব হয় না। বোরো ধান কেনার পর আগস্ট মাস থেকে শুরু করে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চাল কেনা হবে। চুক্তিবদ্ধ মিল মালিকেরা চাল সরবরাহ করতে শুরু করেছেন।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী ধান-চালের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বলেন, অসময়ে সরকারের চাল কেনা, কৃষকের কাছে ধান না থাকা, চুক্তিবদ্ধ মিলাররা একসঙ্গে বাজারে ধান কিনতে নামায় ধানের দাম বেড়েছে। এতে চালের দামও বেড়ে গেছে। বোরো মৌসুমের শুরুতে সরকারিভাবে চাল কেনা শুরু হলে চালের বাজার হয়তো স্থিতিশীল থাকত।