জয়পুরহাটে ছত্রাকজনিত রোগে মরছে শিশুগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় বিভিন্ন সড়কের পাশের শিশুগাছ ছত্রাকজনিত রোগে মরে যাচ্ছে। প্রতিরোধের ব্যবস্থা না নেওয়ায় অন্য গাছগুলোতেও এ রোগ ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার গাছ মারা গেছে।গত তিন বছরে ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর লাগানো গাছ সবচেয়ে বেশি মারা গেছে। বন বিভাগের এক কর্মকর্তা জানান, গাছগুলো অত্যধিক শুষ্কতার কারণে ও ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট-বগুড়া সড়কের পাঠানপাড়া থেকে ইটাখোলা, ইটাখোলা থেকে গোপীনাথপুর ও বটতলী থেকে মোলামগাড়ীহাট; ক্ষেতলাল উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক এবং বটতলী থেকে শুরু করে আক্কেলপুর পর্যন্ত ১৬ কিলোমিটার লম্বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর কয়েক হাজার গাছ আছে।বন বিভাগের ক্ষেতলাল কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-বগুড়া সড়কের ক্ষেতলাল অংশের গাছগুলো সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। পাঠানপাড়া থেকে ইটাখোলা, ইটাখোলা থেকে গোপীনাথপুর ও বটতলী থেকে মোলামগাড়ীহাট পর্যন্ত গাছগুলো জেলা পরিষদের। আর বটতলী থেকে আক্কেলপুর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছগুলো বন বিভাগ দেখভাল করে।বন বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রায় ১০ হাজারের বেশি গাছ আছে। এর মধ্যে শিশু জাতের গাছগুলো দুই-তিন বছর ধরে মারা যাচ্ছে। এ পর্যন্ত পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার গাছ মারা গেছে।রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শুধু ক্ষেতলাল নয়, পুরো উত্তরবঙ্গে শিশুগাছ মারা যাচ্ছে। বিশেষ এক ধরনের রোগে আক্রান্ত হয়ে গাছগুলো মরছে।মনিরুল ইসলাম জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় গাছের শিকড় পানি পাচ্ছে না। তাই এ সমস্যা দেখা দিয়েছে। এ কারণে গাছের ওপরের ডালপালা আস্তে আস্তে মরে যাচ্ছে। পরে ধীরে ধীরে নিচের অংশ আক্রান্ত হয়ে পুরো গাছ মারা যাচ্ছে। এ জন্য শিশুগাছ আর লাগানো হচ্ছে না। এ কারণে তাঁরা এ গাছ না লাগানোর পরামর্শ দিচ্ছেন।সওজের জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান জানান, সড়কগুলো তাঁদের নিয়ন্ত্রণাধীন হলেও গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন বিভাগের। তাই গাছগুলো কাটার ব্যবস্থা নেওয়া হচ্ছে।ক্ষেতলাল-কালাই বন বিভাগের রেঞ্জার কর্মকর্তা সিরাজ-বিন-ইসলাম জানান, বড় সড়ক ও বাঁধে লাগানো গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। অল্প দিনের মধ্যে আবার টেন্ডারের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ও মরা গাছ বিক্রি করা হবে।ক্ষেতলাল উপজেলা ফরেস্টার আবদুস সালাম জানান, তুলসীগঙ্গা নদীর বাঁধের গাছগুলো দরপত্র আহ্বানের মাধ্যমে অপসারণ করা হচ্ছে। আর কিছু রাস্তা, জেলা পরিষদ ও সওজের। তাই রাস্তার গাছগুলো অপসারণের জন্য পরে সিদ্ধান্ত নেওয়া হবে।