জয়পুরহাটে ছাত্রদলের ১৫ জনের বিরুদ্ধে মামলা
জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১৫ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে। সদর থানা সূত্রে জানা যায়, কলেজের ছাত্রলীগের নেতা ওমর ফারুক বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রদলের ১৫ নেতা-কর্মীসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা বহিরাগতকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজে আন্তবিভাগ ফুটবল খেলা দেখার সময় বুধবার দুই ছাত্রের মধ্যে জায়গা নিয়ে ঠেলাঠেলির জের ধরে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে কলেজের মাঠে ফুটবল খেলা চলাকালে হঠাৎ ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই ছাত্রসহ এক বহিরাগত গুরুতর আহত হন। তাঁরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।