জয়পুরহাটে ছাত্রলীগ ও জামায়াতের একই স্থানে সভা, ১৪৪ ধারা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরে ছাত্রলীগ ও জামায়াতে ইসলামীর একই স্থানে সভা আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। গতকাল রোববার পৌর এলাকার দারুল ইসলাহ একাডেমি প্রাঙ্গণে ওই সমাবেশ আহ্বান করা হয়। পরে দুই দল শহরের তিনমাথা চত্বরে সমাবেশ করে। জামায়াতের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের সমাবেশে ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের অনুমতি ছাড়াই বেলা তিনটায় একাডেমি প্রাঙ্গণে কর্মিসভা আহ্বান করে পাঁচবিবি উপজেলা জামায়াত। পাঁচবিবি পৌর ছাত্রলীগও একই স্থানে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়ে বেলা ১০টায় মাইকে প্রচার শুরু করে। এতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে বেলা তিনটায় শহরের তিনমাথা চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পাঁচবিবি পৌর ছাত্রলীগ। ওই সমাবেশের ১০০ গজ দূরে জামায়াতে ইসলামীও কর্মিসভার আয়োজন করে। জামায়াতের নেতারা অভিযোগ করেন, কর্মিসভায় বক্তব্য দেওয়ার সময় পাশের সমাবেশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। হামলায় ছাত্রশিবিরের কর্মী ও বগুড়া থেকে প্রকাশিত সাতমাথা পত্রিকার সাংবাদিক আুু হাসান আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।