জয়পুরহাটে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, চার দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয়েছে চারটি দোকান ও কয়েকটি মোটরসাইকেল। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল। এ ছাড়া গতকাল খুলনা নগরে জামায়াতের কার্যালয়ের সাইনবোর্ড ভেঙেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জয়পুরহাট, খুলনা, কুষ্টিয়া, নীলফামারী, কুমিল্লা, পটুয়াখালীর বাউফল পৌরসভা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জয়পুরহাট: পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল বিকেল চারটার দিকে শহরে মিছিল বের হয়। একপর্যায়ে কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পূর্ব বাজার মসজিদের পাশে শহর জামায়াত ও ছাত্রশিবিরের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তাঁরা কার্যালয়ের প্লাস্টিকের চেয়ার রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেন। এরপর মসজিদের গলিতে রাখা ব্যবসায়ী আবুল কাশেম মণ্ডলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং মসজিদের নিচে মামুন হার্ডওয়ার দোকানে ভাঙচুর চালানো হয়। শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে তিনটি দোকান ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন মিছিলকারীরা।সন্ধ্যার কিছুক্ষণ আগে স্থানীয় ব্যবসায়ী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে অন্য ব্যবসায়ীরা তাঁদের নিবৃত করেন।জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অবসর চৌধুরী দাবি করেন, মিছিলে হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ করা হলে কয়েকজন যুবক শিবিরের কার্যালয়ে হামলা চালান। ওই ঘটনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কেউ জড়িত নন।খুলনা: বেলা সাড়ে ১১টার দিকে নগর ছাত্রলীগের উদ্যোগে মিছিল বের হয়। মিছিলটি খানজাহান আলী সড়কে পৌঁছালে কয়েকজন কর্মী জামায়াতের কার্যালয়ের সাইবোর্ডটি ভেঙে ফেলেন। নগর জামায়াতের আমির আবুল কালাম আজাদ বলেন, বিনা উসকানিতে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা করা জঘন্য অপরাধ।কুষ্টিয়া: বিকেল সাড়ে চারটার দিকে শহরের থানা মোড় এলাকায় জড়ো হন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, যারা জামায়াত-শিবির করে, তাদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।