জয়পুরহাটে জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম ওরফে মন্টুকে (৭০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাট শহরের জামালগঞ্জ সড়কের পশ্চিম জানিয়ার বাগান এলাকার বাসা থেকে গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট থানা-পুলিশ সূত্র বলেছে, রেজাউলের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার গোয়ালভিটা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট শহরে বসবাস করছেন। আটকের পর জয়পুরহাট-বগুড়া সড়কের সদর উপজেলার হিচমি বাজারে ২০১৫ সালের ৮ জানুয়ারি রাতে আলুবোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনার জয়পুরহাট সদর থানায় দায়ের মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাও রয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, গ্রেপ্তারের পর গতকাল (শনিবার) আদালতের মাধ্যমে রেজাউলকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপরাধ তদন্তবিষয়ক কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দীন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রেজাউল করিমের বিরুদ্ধে গত বছরের ১৮ অক্টোবর অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
শিবগঞ্জে গ্রেপ্তার চার
চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শিবগঞ্জ উপজেলায় এক কেজি গানপাউডার, পাঁচটি ককটেলসহ জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জের তারাপুর মুন্সিপাড়ার আব্দুস সালামের ছেলে তোসলিম উদ্দিন (২৫), সাহাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম মোস্তফা (৩৫), নামোজগন্নাথপুর এলাকার খলিলুর রহমান (৬৮) এবং একই এলাকার গোলাম মোস্তফা (৪৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।