জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে এক নারী ও মেয়েশিশুর মৃত্যু হয়েছে। রেলওয়ে স্টেশনের দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার দূরে তেঘরবিশা গ্রামের কুমারপাড়ায় আজ শনিবার দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল হক আজ রাত আটটার দিকে মুঠোফোনে বলেন, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেম ট্রেনে কাটা পড়েছে ২৮ থেকে ৩০ বছর বয়সের এক নারী ও দেড় থেক দুই বছরের এক শিশুকন্যা। তাদের চেহারা চেনা যাচ্ছে না। ট্রেনের চাকায় কেটে মুখমণ্ডল বিকৃত হয়েছে। ওই দুটি লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছে।
আসাদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী তাঁর শিশুকন্যাকে নিয়ে ট্রেনে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। তবে পরিবারের খোঁজ পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।