জয়পুরহাটে ডায়রিয়ায় আক্রান্ত ৩৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে গত সোমবার রাত থেকে ডায়রিয়ায় ৩৬ জন আক্রান্ত হয়েছে। খবর পেয়ে জয়পুরহাট সিভিল সার্জনের নেতৃত্বে একটি দল ওই গ্রামে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেয়।গুরুতর আক্রান্ত ব্যক্তিরা হলেন বিউটি রানী (১০), নিখিল চন্দ্র (১০), গীতা রানী (৪৮), শম্পা রানী (২২), লক্ষ্মী রানী (৩৬), রচনা রানী (২২), ঝরনা রানী (২০), তপন চন্দ্র (৩০), সুরেন চন্দ্র (৬৮) ও চন্দ্র দাস (২২)। গ্রামের একটি বাড়ির বারান্দায় রেখে তাঁদের শরীরে স্যালাইন দেওয়া হয়েছে।জয়পুরহাট শহর থেকে ১৪ কিলোমিটার দূরে দীঘিরপাড় গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, দীঘিরপাড় গ্রামে ৫৪টি পরিবারের প্রায় ৪০০ মানুষ বাস করে। কয়েক মাস ধরে তাঁরা গ্রামের সামনে একটি পুকুরের পানি ব্যবহার করে আসছিলেন। চিকিৎসকদের ধারণা, ওই পুকুরের নোংরা পানি থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তাঁরা। সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, এই গ্রামে এসে তাঁরা ৩৬ জন ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তির তালিকা তৈরি করে তাঁদের চিকিৎসাসেবা দিচ্ছেন।গ্রামের লোকজন অভিযোগ করেন, এখানে চারটি নলকূপ রয়েছে। এর মধ্যে একটি নলকূপ দিয়ে যৎসামান্য পানি ওঠে। পানির অভাবে গ্রামের নারী-পুরুষ-শিশু সবাই ওই পুকুরে গোসল, থালাবাসন পরিষ্কার করা, শাকসবজি ধোয়াসহ নানা কাজ সারেন। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোজাম্মেল হক জানান, খবর পেয়েই তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসেছেন। আক্রান্ত ব্যক্তিদের গ্রামেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অধিক আক্রান্ত বিপুল চন্দ্রের স্ত্রী ছবি রানীকে (২৬) জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।