জয়পুরহাটে ঢিলেঢালা হরতাল খুলনায় ভাঙচুর, বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে জেলা জামায়াতের এক নেতাকে অপহরণের অভিযোগে গতকাল শনিবার সেখানে দলটির ডাকা আধা বেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল পর্যন্ত ওই নেতার খোঁজ পাওয়া যায়নি।অপরদিকে, খুলনা গতকাল হরতালের সময় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।জয়পুরহাট: জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ করে দলটি। এ ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে অর্ধদিবস হরতালের ডাক দেয় জামায়াত। তবে গতকাল হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীদের রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট খোলা ছিল। খুলনা: গত বৃহস্পতিবার হরতালের সময় ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে নিহত মনসুর গাজীকে দলীয় কর্মী দাবি করে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল আধা বেলা হরতাল ডাকে জামায়াত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াত-শিবিরের কর্মীরা সকাল সাতটার দিকে ফুলতলা উপজেলায় খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা উপজেলার নতুন হাট, যুগনিপাশা, বুড়িয়াডাঙ্গা ও এম এম কলেজের সামনে পাঁচটি বাস, তিনটি ট্রাক ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করেন। এ ছাড়া আতঙ্ক সৃষ্টির জন্য ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।