জয়পুরহাটে তদন্ত দলের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে জয়পুরহাটে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। গতকাল রোববার ১০ সদস্যের তদন্ত দল মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী অপরাধের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য নেয়।তদন্ত দল জয়পুরহাটের সার্কিট হাউসের হলরুমে গতকাল বেলা ১১টার দিকে এক মতবিনিময় সভা শুরু করে। তদন্ত দলের প্রধান এম সানাউল হক সভায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন। এ সময় সবাইকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানান তিনি। সাক্ষ্যদাতাদের তথ্য গোপন রাখার নিশ্চয়তা দেন। কেউ ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।সভায় অংশগ্রহণকারীরা জয়পুরহাট সদরের যুদ্ধাপরাধী আবদুল আলিমসহ তাঁর দোসর, রাজাকার, আলবদরদের বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানান।পৌনে একটার দিকে এ সভা শেষ হয়। পরে গোপনীয়তা বজায় রেখে সাক্ষ্য গ্রহণ করা হয়। বেলা দুইটার দিকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়।এরপর তদন্ত দলের সদস্যরা সদর উপজেলার পাগলা দেওয়ান বধ্যভূমি ও জয়পুরহাট সরকারি কলেজ মাঠে গণকবর পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।তদন্ত দল গত শনিবার রাতে জয়পুরহাটে পৌঁছায়। দলটি চার দিন ধরে জেলার বিভিন্ন উপজেলার বধ্যভূমি পরিদর্শন ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাক্ষ্য গ্রহণ করবে।