জয়পুরহাটে তিন আইনজীবীকে সমিতি থেকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট আইনজীবী সমিতির জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বর্জন কার্যক্রম চলাকালে ওই আদালতে মামলা পরিচালনা করায় সমিতি তিন আইনজীবীকে সাময়িক বরখাস্ত করেছে। গতকাল সোমবার আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৩ ডিসেম্বর থেকে ওই আদালত বর্জন করছে আইনজীবী সমিতি।
সাময়িক বরখাস্ত হওয়া তিন আইনজীবী হলেন সমিতির সদস্য আশরাফ আলী, সাহজাহান আলী (১) ও আহসান হাবিব সরকার। জরুরি সভায় অপর তিন আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্তও হয়।
গতকাল সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তিন আইনজীবীকে সমিতি থেকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার ওই তিন আইনজীবী বর্জন করা আদালতে গিয়ে মামলা পরিচালনা করেন। এ সময় ক্ষুব্ধ সাধারণ আইনজীবীরা ওই আদালতের বাইরে হইচই শুরু করেন। পুলিশ ও আদালতের কর্মচারীরা আদালত কক্ষের দরজা বন্ধ করে দেন। বৃহস্পতিবার সমিতির পিয়ন রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে জয়পুরহাট সদর থানায় মামলা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী রাব্বিউল হাসান মোনেম ও সাধারণ সম্পাদক আবু নাছিম মো. শামীমুল ইমাম জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ থাকায় তাঁর আদালত বর্জন করা হচ্ছে। ওই অভিযোগ তদন্তে ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা জয়পুরহাটে আসেন। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, তদন্ত কমিটির কাছে নিজ ইচ্ছায় গিয়ে সাক্ষ্য দেওয়ায় আইনজীবী খাজা আমিরুল ইসলাম, আবু তাহের ও মামুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া আইনজীবী আহসান হাবিব সরকার বলেন, তিনি পরিস্থিতির শিকার।
কারণ দর্শানোর নোটিশ পেতে যাওয়া আইনজীবী আবু তাহের ও মামুনুর রশিদ দাবি করেন, তদন্ত কর্মকর্তাই তাঁদের ডেকে পাঠান।