জয়পুরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতকার্য হয়েও অনেক শিক্ষার্থী বাল্যবিবাহ, দারিদ্র্য ও অসচেতনতার কারণে ঝরে পড়ছে। ২০১২ সালে জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে না ৩ হাজার ১২২ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের শিক্ষা বিভাগের কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে জেলার পাঁচটি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ১৩ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে কৃতকার্য হয় ১৩ হাজার ৬৭১ জন। এর মধ্যে ৬ হাজার ৩৬২ জন ছাত্র ও ৭ হাজার ৩০৯ জন ছাত্রী। কিন্তু জেলায় আজ রোববার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার ৫৪৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৫ হাজার ৮৬ জন ছাত্র এবং ৫ হাজার ৪৬৩ জন ছাত্রী। অর্থাৎ জেএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী কমেছে ৩ হাজার ১২২ জন। এদের মধ্যে ছাত্র কমেছে ১ হাজার ২৭৬ জন ও ছাত্রী কমেছে ১ হাজার ৮৪৬ জন।
জয়পুরহাট সদর উপজেলার ভাদশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চৌধুরী বলেন, তাঁর বিদ্যালয়ে ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ৮০ জন ছাত্রী ভর্তি হয়েছিল। এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৬ জন ছাত্রী। ১৪ জন ছাত্রী বাল্যবিবাহসহ বিভিন্ন কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়েছে।