জয়পুরহাটে তিন যুবক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, আটক ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ধাওয়াপাড়া বড়াইল মাঠ থেকে গলাকাটা তিন যুবকের লাশ ময়নাতদন্ত শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত এক যুবকের চাচা গত সোমবার রাতে অজ্ঞাতব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
নিহত যুবকদের আত্মীয়স্বজনের সঙ্গে গতকাল মঙ্গলবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে কথা বলে জানা যায়, নিহত তিনজন হলেন বগুড়া শহরের ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার আসাদুল ইসলাম, বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাটনগর দাড়িদহ গ্রামের বিপুল হোসেন ও সৈকত হোসেন। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।
আসাদুলের চাচা আবদুল হালিম জানান, ২৮ ডিসেম্বর জ্যাকেট কেনার কথা বলে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সৈকতের চাচা আবদুর রাজ্জাক গত সোমবার অজ্ঞাতব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। এদিকে জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, এ ঘটনায় দিনাজপুর জেলার হিলি হাকিমপুর এবং পাঁচবিবি থেকে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।