জয়পুরহাটে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিককে ভটভটি থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাব-৫ জয়পুরহাট কার্যালয় সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল রেল-ঘুন্টিঘরের কাছে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম (৩৬) ও তারাজুল ইসলাম (৩৫) ভটভটি থেকে চাঁদা আদায় করছিলেন। এ সময় র‌্যাব সদস্যরা চাঁদা আদায়ের রসিদসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের রসিদমূলে প্রতিটি ভটভটি থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন বলে গ্রেপ্তারকৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছেন।ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, জয়পুরহাটের সাপ্তাহিক হাটগুলোতে গ্রামগঞ্জ থেকে তরকারি, মাছসহ বিভিন্ন পণ্য নিয়ে অনেক ভটভটি আসে। এসব ভটভটি থেকে কতিপয় শ্রমিক নামধারী অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। সূত্র আরও জানায়, জয়পুরহাট শহরে প্রতি শনি ও বুধবার দুটি বড় হাট বসে। এই দুই হাটে পণ্য নিয়ে আসা শত শত ভটভটি থেকে চাঁদা আদায় করা হয়। র‌্যাব-৫-এর জয়পুরহাটের অধিনায়ক লে. কমান্ডার আলমগীর হোসেন জানান, চাঁদা তোলার সময় ওই দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।তবে গ্রেপ্তারকৃত তারাজুল ইসলাম দাবি করেন, তিনি ট্রাক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর চিকিৎসার জন্য ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের রসিদমূলে চাঁদা তুলেছেন।