জয়পুরহাটে দুই দিনে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে জ্বরে আক্রান্ত হয়ে গত দুই দিনে তিনটি শিশুর মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কপ্রদাহে (এনকেফালাইটিস) আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা। বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা থেকে আসা একটি দল কাজ শুরু করেছে।মৃত শিশুরা হলো: জয়পুরহাট পৌর এলাকার সরদারপাড়ার জাহাঙ্গীর হোসেনের শিশুকন্যা মরিয়ম (৭), সদর উপজেলার চকদাদড়া গ্রামের আনোয়ার হোসেনের শিশুপুত্র তৌহিদুল ইসলাম (৮) ও ক্ষেতলাল উপজেলার ইকরগারা গ্রামের রফিকুল ইসলামের শিশুকন্যা শাকিলা বেগম (৯)।এদের মধ্যে মরিয়ম ও তৌহিদুল গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে শাকিলার মৃত্যু হয়।হাসপাতাল সূত্র জানায়, মরিয়মকে গত শুক্রবার এবং তৌহিদুলকে গত শনিবার ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত একটার দিকে মরিয়ম মারা যায়। গতকাল সকাল নয়টার দিকে তৌহিদুলের মৃত্যু হয়। গত শুক্রবার রাজশাহীর বাঘা উপজেলার মো. মামুনকে (৭) জ্বরে আক্রান্ত অবস্থায় এ হাসপাতালে ভর্তি করা হয়। তৌহিদুলের মা নাসিমা বেগম জানান, তাঁর ছেলে কয়েক দিন আগে খেজুরের রস পান করে। গত শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে রাজশাহী হাসপাতালে পাঠান। মামুনের মা সেলিনা বেগম বলেন, ‘খেজুরের রস পান করে মামুন অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মস্তিষ্কপ্রদাহ সন্দেহ করে চিকিৎসকেরা তাকে এ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সাইফুদ্দিন একরাম জানান, বাদুড়ের লালায় নিপাহ ভাইরাস থাকে। বাদুড় খেজুরের রস খাওয়ার পর সেই রস মানুষ পান করলে নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কপ্রদাহে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এতে আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড জ্বর আসে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটি মস্তিষ্কপ্রদাহে মারা গেছে।জয়পুরহাটের সিভিল সার্জন মোজাম্মেল হক জানান, জেলায় গত দুই দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কপ্রদাহ কি না, তা খতিয়ে দেখতে ঢাকা থেকে একটি দল এসে কাজ শুরু করছে।যোগাযোগ করা হলে ঢাকা থেকে আসা দলের সদস্য অপূর্ব চক্রবর্তী জানান, তাঁরা রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। এ নমুনা ঢাকায় পরীক্ষা করা হবে।