জয়পুরহাটে দুর্নীতির মামলায় সাবেক পৌর মেয়র কারাগারে
জয়পুরহাটের কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম বেলাল তালুকদারের জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। স্পেশাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম আজ রোববার এ আদেশ দেন।
আজই তৌফিকুল ইসলাম বেলাল তালুকদারকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। বেলাল তালুকদার কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কালাই পৌরসভার মেয়র থাকাকালে তৌফিকুল ইসলাম বেলাল তালুকদার গত বাংলা ১৪১৮ (ইংরেজি ২০১১) ও ১৪১৯ (২০১২) সনে কালাই হাট এবং কালাই-পাঁচশিরা বাজার ইজারা প্রদানের চুক্তি সম্পাদন করেন ইজারাদার রেজাউল করিমের সঙ্গে। সেখানে হাটবাজার ইজারার সরকারি নীতিমালা লঙ্ঘন করে ওই দুই বছরে হাট ইজারার ২২ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা পৌরসভার তহবিলে এবং সরকারি ভ্যাট ও আয়করের ৬ লাখ ৩৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ওই সময় মেয়র হাটবাজার ইজারাদার রেজাউল করিমের সঙ্গে গোপন চুক্তিতে আবদ্ধ হয়ে তাঁকে (রেজাউল) বাড়তি সুবিধা দেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক আহমেদ বাদী হয়ে মেয়র তৌফিকুল ইসলাম ও ইজারাদার রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ২০১৪ সালের ১৩ মার্চ কালাই থানায় পৃথক দুটি মামলা করেন। পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শেখ আবদুস ছালাম মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩০ জুন ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্র দাখিলের পর আজ আদালতে আত্মসমর্পণ করে তৌফিকুল ইসলাম স্পেশাল জজ আদালতে জামিনের প্রার্থনা করেন। বিচারক মো. আব্দুর রহিম উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শেষে তাঁর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মামলার অপর আসামি রেজাউল করিম পলাতক।
দুর্নীতি দমন কমিশনের সরকারি কৌঁসুলি (পিপি) নন্দকিশোর আগরওয়ালা বলেন, আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর জামিন নামঞ্জুর করেছেন আদালত।