জয়পুরহাটে দ্বৈত ভোটারদের কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচটি উপজেলার এক হাজার ৩৪৫ জনকে দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনবহির্ভূতভাবে দুই স্থানে ভোটার হওয়ায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অনেকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে এক জায়গায় ভোটার থাকার আবেদন জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন। জয়পুরহাট জেলা ও উপজেলার নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভোটার তালিকার কাজ শুরুর সময় জেলার ভোটাররা ওই সময় ভোটার হন। পরবর্তী সময়ে হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু হলে সেখানে জেলার এক হাজার ৩৪৫ জন দ্বৈত ভোটার হিসেবে তালিকাভুক্ত হন। এ ঘটনায় নির্বাচন কমিশন ঢাকা অফিস থেকে তাঁদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি পাঠায়। দ্বৈত ভোটারদের মধ্যে প্রাথমিক পর্যায়ে পাঁচটি উপজেলার ৩৪১ জন ভুল স্বীকার করে যেকোনো এক জায়গায় ভোটার থাকার আবেদন করে ক্ষমা প্রার্থনা করেছেন। জানা গেছে, দ্বৈত ভোটারদের অধিকাংশই গ্রামের অশিক্ষিত নারী-পুরুষ। কেউ কেউ স্বামীর বাড়িতে ভোটার হওয়ার পর পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হলে পরে বাবার বাড়িতে এসে হালনাগাদ তালিকায় ভোটার হয়েছেন। আবার অনেকেই জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলার কারণেও দুই জায়গায় ভোটার হয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালেব জানান, কমিশনের পরবর্তী সিদ্ধান্তে দ্বৈত ভোটারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।