জয়পুরহাটে ধর্ষণের শিকার শিশুর আত্মহত্যা!
জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে খাদিজা বেগম (১২) নামের এক শিশু কীটনাশক পানে আত্মহত্যা করেছে। খাদিজা ধর্ষণের শিকার হয়ে লজ্জা ও ক্ষোভে আত্মহননের পথ বেছে নেয় বলে জানা গেছে। এ ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর গ্রামের ভ্যানচালক হেলাল উদ্দিনের মেয়ে খাদিজা। গত শনিবার দুপুরে হেলাল উদ্দিনের বড় ভাইয়ের ছেলে মাসুদ রানা (৩৬) খাদিজাকে কৌশলে একটি আখখেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি গ্রামে জানাজানি হলে লজ্জা ও ক্ষোভে খাদিজা সোমবার বিকেলে বাড়িতে কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে রাত নয়টার দিকে সে মারা যায়। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, খাদিজা ধর্ষণের শিকার হয়েছে কি না তা পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। হরিপুর গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, মাসুদের চরিত্র ভালো না। এরই মধ্যে তিনি তিনটি বিয়ে করেছেন। দুই স্ত্রীকে তালাকও দিয়েছেন। খাদিজার বিষপানের খবর পেয়ে মাসুদ পালিয়েছেন।