জয়পুরহাটে নিউমোনিয়ায় ১০ দিনে পাঁচ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত ১২ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচটি শিশু মারা গেছে।জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে হাসপাতালে ৪৬৫টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নেয়। গত ১৯ অক্টোবর দিনাজপুরের হাকিমপুর উপজেলার রফিকুল ইসলামের এক দিন বয়সী শিশু বাবু মারা যায়। একই দিন জয়পুরহাট সদর উপজেলার ধলাহার গ্রামের মো. মুনিমের তিন দিন বয়সী শিশু তামিম মারা যায়। গত ২২ অক্টোবর নওগাঁর ধামইরহাট উপজেলার সুনীল চন্দ্রের দুই বছরের শিশু অসিত চন্দ্র এবং একই দিন জয়পুরহাটের আক্কেলপুরের সোহাগ হোসেনের এক দিন বয়সী শিশু রবিবাবু মারা যায়। পাঁচবিবি উপজেলার নন্দীগ্রামের হারুনুর রশিদের চার দিন বয়সী শিশু হাদিয়া বেগম গত ২৯ অক্টোবর জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত মারা যায়।গতকাল শুক্রবার হাসপাতালের ৪ নম্বর নারী ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ওই ওয়ার্ডে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে ২৪টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স দুই দিন থেকে তিন-চার বছরের মধ্যে। চিকিৎসাধীন দুর্গাদহ গ্রামের পাঁচ মাস বয়সী শিশুকন্যা সুমাইয়া বেগমের মা আতিয়া বেগম এবং পাঁচবিবি শালাইপুর গ্রামের ১০ মাস বয়সী শিশু জয় কুমারের মা চন্দনা রানী জানান, গত রোববার থেকে শিশুদের প্রচণ্ড শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও জ্বর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে শিশুদের জন্য মাত্র ছয়টি শয্যা রয়েছে। ছয়টি শিশু শয্যা পেলেও বাকিদের মেঝেয় থেকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে।জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের শিশুবিশেষজ্ঞ সামছুজ্জোহা জানান, এ সময় বৈদ্যুতিক পাখা দ্রুতগতিতে চালিয়ে শিশুদের পাখার নিচে শুইয়ে রাখা যাবে না। ঠান্ডা খাবার না খাওয়ানো ভালো এবং মায়েরা যেন শিশুদের বুকের দুধ নিয়মিত খাওয়ান। শিশুদের প্রতি এ সময় যত্নশীল হতে হবে। তাদের গা ঘেমে গেলে নরম কাপড় দিয়ে মুছে দিতে হবে। কোনোক্রমেই ঘাম যেন শিশুর শরীরে বসে না যায়। বেশি গরম ও বেশি ঠান্ডা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। এ থেকে মায়েদের সাবধান থাকতে হবে।নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচটি শিশু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আতাউর রহমান।