জয়পুরহাটে নৈশপ্রহরীকে খুন করে ৬৬ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির জয়পুরহাট জেলা ডিপোর নৈশপ্রহরীকে খুন করে ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শহরের ধানমন্ডি এলাকায় গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর জেলার সদর থানা-পুলিশ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ খোরশেদ আলম ও গুদামরক্ষক মোকাররম হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকাটির প্রধান সড়কের পাশে একটি ভবনে এ প্রতিষ্ঠানের জেলা বিক্রয় ডিপো অবস্থিত। শনিবার গভীর রাতে ভবনের তৃতীয় তলায় নৈশপ্রহরী আবুল কালাম আজাদকে (৫৭) শ্বাসরোধে হত্যার পর ৬৬ লাখ ৩২ হাজার ১৭৯ টাকা লুট করে দুর্বৃত্তরা। নিহত আবুল কালামের বাড়ি পৌরসভার বামনপুর গ্রামে।
কোষাধ্যক্ষ খোরশেদ আলম জানান, ওই দিন সিগারেট বিক্রি করে অফিসের তৃতীয় তলার সিন্দুকে টাকাগুলো রাখা হয়। বন্ধ থাকার কারণে সেদিন ব্যাংকে টাকা জমা রাখা সম্ভব হয়নি। রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা নৈশপ্রহরীকে খুন করে টাকা লুট করে। তাঁর লাশ জেলার আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করে টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কোম্পানির পরিবেশক মাহমুদুর রশীদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। সকালে (গতকাল) খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।