জয়পুরহাটে পাটের উৎপাদন ও দাম কম, কৃষকেরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের ফলন কম হওয়ায় ও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় জয়পুরহাটের কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। পর পর দুই বছর দাম না পেয়ে তাঁদের উৎপাদন খরচ উঠছে না। ক্রেতারাও পাট কিনতে আগ্রহ দেখাচ্ছেন না।জয়পুরহাটের বিভিন্ন হাটবাজারে মৌসুমের শুরুতে প্রকারভেদে প্রতি মণ পাট এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে সেই পাটের দাম মণপ্রতি প্রায় ৩০০ টাকা কমে গেছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, এবার হাটবাজারে আমদানিকৃত অধিকাংশ পাট নিম্নমানের। বেশি দামে ওই পাট কিনলে খুলনা-দৌলতপুরের মহাজনেরা তা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। দিন দিন পাটের বাজার নিম্নমুখী হওয়ায় ব্যবসায়ীরা লোকসানের ভয়ে তা কিনতে সাহস পাচ্ছেন না।জেলার জামালগঞ্জ, দুর্গাদহ, পাঁচবিবিবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে এক হাজার ১০০ টাকা থেকে শুরু করে এক হাজার ৩০০ টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে। সদর উপজেলার কেশবপুর গ্রামের কৃষক শাহ জামাল ও দোগাছি গ্রামের কৃষক মোজাফফর হোসেন জানান, চলতি মৌসুমে পাটের বীজ বোনার পর থেকেই প্রচণ্ড খরায় এর ফলন খুব কম হয়েছে। যেখানে বিঘাপ্রতি আট-নয় মণ পাট উৎপাদিত হওয়ার কথা, সেখানে পাঁচ-ছয় মণও পাওয়া যায়নি। এরপর বাজারে দাম না পাওয়ায় উৎপাদন খরচও উঠছে না। পর পর দুই বছর এ ঘটনা ঘটায় কৃষকেরা বিপাকে পড়েছেন। তবে দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা মণ দরে পাট বিক্রি করতে পারলে উৎপাদন খরচ পাওয়া যেত।শহরের পাট ব্যবসায়ী দিলীপ সেন ও মাবুদ হোসেন জানান, বাজার কিছুটা নিম্নমুখী হওয়ায় তাঁরা বর্তমানে পাট কিনতে সাহস পাচ্ছেন না। জামালগঞ্জ বাজারের যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাট ক্রয় কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, তাঁরা এ মৌসুমে এক হাজার ২০০ মণ পাট কিনেছেন। টাকার অভাবে চাহিদা অনুযায়ী পাট কিনতে পারছেন না বলেও জানান তিনি।জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেলবর হোসেন বলেন, ‘এমনিতেই খরায় পাটের উৎপাদন ব্যাহত হয়েছে, এর ওপর বাজারে এর দাম একটু কম। কিছু দিনের মধ্যে দাম বাড়বে বলে আশা করছি। কৃষকেরা কিছু দিন পর পাট বিক্রি করলে কাঙ্ক্ষিত দাম পাবেন বলে আমি আশাবাদী।’