জয়পুরহাটে পিপিআর রোগে ১৫টি ছাগলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত হয়ে ছাগল মারা যাচ্ছে। গত চার-পাঁচ দিনে ধারকী হাজীপাড়া গ্রামে ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হচ্ছে অনেক ছাগল। ছাগল পালনকারী ব্যক্তিরা জানান, উপজেলা বম্বু ইউনিয়নের ধারকী হাজীপাড়া গ্রামে এক সপ্তাহ আগে চার-পাঁচ দিনে ১৫টি ছাগল পিপিআর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে গ্রামের খায়রুল ইসলাম ও মতলেব হোসেনের তিনটি করে, নজরুল ইসলাম, দুলাল হোসেন, মোকলেছ উদ্দিন ও হাবিবের দুইটি করে এবং মোমিন উদ্দিনের একটি ছাগল মারা যায়। এ ছাড়া ওই গ্রামের আশপাশের গ্রামে অনেকের ছাগল আক্রান্ত হয়েছে। গ্রামের খায়রুল ইসলাম, মতলেব হোসেন ও হাবিব জানান, ছাগলগুলোর প্রথমে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর ও সর্দি শুরু হয়। এর দুই-এক দিন পর পাতলা পায়খানা শুরু হয়ে দুই-তিন দিনের মধ্যে ছাগল মারা যায়। মঙ্গলবার সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে দেখা গেছে, অনেকেই আক্রান্ত ছাগলের চিকিৎসা নিতে এসেছেন।উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মচারী অমলচন্দ্র বলেন, হঠাৎ করেই গরু-ছাগলের অসুখ বেশি মনে হচ্ছে। কয়েক দিন ধরে গড়ে প্রতিদিন ৩০-৩৫টি রোগাক্রান্ত ছাগলকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুস্তম আলী বলেন, ‘পিপিআর একটি ভাইরাসজনিত রোগ। এ রোগের প্রচুর ভ্যাকসিন আমাদের কাছে মজুদ রয়েছে। বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে জনবল কম থাকায় একই সঙ্গে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দ্রুত ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না। ধারকী হাজীপাড়া গ্রামে দ্রুত পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য লোক পাঠাব। গরু-ছাগল এ রোগে আক্রান্ত হলে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা দরকার।’