জয়পুরহাটে পুলিশের ওপর জঙ্গি হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্র
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুরে পুলিশের ওপর জঙ্গিদের হামলা ও অস্ত্র লুটের মামলায় সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দিনাজপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার শেখ আহসানুল কবীর গত বৃহস্পতিবার জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিমের আদালতে পৃথক দুটি মামলায় সম্পূরক অভিযোগপত্র জমা দেন।এর আগে ২০০৮ সালের ২৬ জুন মামলায় আদালতে প্রথম অভিযোগপত্র জমা দেওয়া হয়। তাতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৬১ জঙ্গিকে আসামি করা হয়। কিন্তু ওই অভিযোগপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে আলাদা অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। তাতে নতুন কেউ আসামি হননি। আগের আসামিরাই বহাল আছেন। শুধু একজন (রশিদুল ইসলাম) নিহত হওয়ায় এবার তাঁর নাম বাদ দেওয়া হয়। আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মন্তেজার রহমান, সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, মাসুদুর রহমান, আজিজুল বারী, শহিদুল ফারুক সেলিম, আবুল কাশেম তুফান ও গোলাম মোস্তফা কারাগারে আছেন। বাকিরা জামিনে মুক্ত।২০০৩ সালের ১৪ আগস্ট রাতে উত্তর মহেশপুর গ্রামে জেএমবির এক গোপন সভায় পুলিশ অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছয় পুলিশকে জখম করে জঙ্গিরা তিনটি শটগান ও একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় পুলিশ একটি মামলা করে।তদন্ত কর্মকর্তা শেখ আহসানুল কবীর প্রথম আলোকে বলেন, লোকবল সংকট ও দূরত্বের কারণে অধিকতর তদন্ত শেষ করতে কিছুটা দেরি হয়েছে। তবে বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।