জয়পুরহাটে বিএটির নৈশপ্রহরীকে খুন করে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর (বিএটি) জয়পুরহাট জেলা ডিপোর নৈশপ্রহরীকে খুন করে ৬৬ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার প্রধান সড়কের পাশের ভবনে জয়পুরহাট জেলা বিএটির বিক্রয় ডিপো। গতকাল রাতের কোনো একসময় ওই ভবনের তৃতীয় তলায় নৈশপ্রহরী আবুল কালাম আজাদকে (৫৭) শ্বাসরোধ করে হত্যা করে ৬৬ লাখ ৩২ হাজার ১৭৯ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। নিহত আজাদের বাড়ি পৌরসভার বামনপুর গ্রামে।

বিএটির জয়পুরহাট অফিসের কোষাধ্যক্ষ খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে জানান, গতকালের পণ্য বিক্রির অর্থ অফিসের তৃতীয় তলার সিন্ধুকে রাখা হয়েছিল। ব্যাংক বন্ধ থাকায় ব্যাংকে টাকা জমা দেওয়া যায়নি। রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা নৈশপ্রহরী আজাদকে খুন করে টাকা নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বিএটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।