জয়পুরহাটে বোরো চাষে অতিরিক্ত ব্যয় ১৮ কোটি টাকা
জয়পুরহাট জেলায় এবার বোরো মৌসুমে চাষিদের ডিজেল ও ইউরিয়া বাবদ প্রায় সাড়ে ১৮ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ডিজেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ায় বোরো খেতে সেচ বাবদ অতিরিক্ত ব্যয় হবে প্রায় চার কোটি টাকা। আর ইউরিয়ার দাম টনপ্রতি আট হাজার টাকা বাড়ায় বেশি ব্যয় হবে প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা। জয়পুরহাট জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক আল-আমিন চৌধুরী জানান, গত বোরো মৌসুমে এক মেট্রিক টন ইউরিয়ার দাম ছিল ১০ হাজার ৭০০ টাকা। এ বছর প্রতি টন ইউরিয়ার দাম আট হাজার টাকা বেড়ে হয়েছে ১৮ হাজার ৭০০ টাকা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারিভাবে নির্ধারণ করা প্রতি লিটার ডিজেলের খুচরা মূল্য ৫১ টাকা হলেও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ৫২ কিংবা ৫৩ টাকা করে বিক্রি হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁটি উপজেলায় বোরো মৌসুমে ৭১ হাজার ২৯০ হেক্টর জমিতে বোরো চাষ হয়ে থাকে। এর মধ্যে ৪০ হাজার হেক্টর জমিতে ডিজেলচালিত গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে বোরো আবাদ হয়। ডিজেলচালিত গভীর নলকূপ ২২০টি এবং অগভীর নলকূপ রয়েছে আট হাজার ৪৬৩টি। বোরো মৌসুমে ডিজেলচালিত নলকূপগুলোতে ৮০ লাখ লিটার ডিজেলের চাহিদা রয়েছে। লিটারপ্রতি ডিজেলের দাম পাঁচ টাকা বাড়ায় ৮০ লাখ লিটারের জন্য এবার বোরো চাষিদের প্রায় চার কোটি টাকা বেশি ব্যয় করতে হবে। ৩১ হাজার ২৯০ হেক্টর জমিতে সেচ দেওয়া হয় বিদ্যুৎচালিত গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে। বিদ্যুৎচালিত গভীর নলকূপ রয়েছে এক হাজার ৪৫৭টি এবং অগভীর নলকূপ রয়েছে তিন হাজার ১৩৯টি।জেলায় বোরো মৌসুমে ইউরিয়ার চাহিদা রয়েছে ১৮ হাজার মেট্রিক টন। দাম বাড়ায় বোরো খেতে সার বাবদ কৃষককে ১৪ কোটি ৪০ লাখ টাকা বেশি ব্যয় করতে হবে।জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ হজরত আলী বলেন, ইউরিয়ার দাম বাড়লেও এমওপি, ডিএপি ও টিএসপি সারের দাম কমেছে। এই কারণে কৃষকদের ওপর ইউরিয়ার মূল্যবৃদ্ধির প্রভাব তেমন একটা পড়বে না। তবে ডিজেলের দাম বোরো চাষে কিছুটা প্রভাব ফেলতে পারে।