জয়পুরহাটে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের সদর উপজেলায় গত শনিবার আবু হাসান (২৬) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আবু হাসান মীরগ্রাম চৌমুহনী বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করতেন। তিনি সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তাঁকে হত্যার প্রতিবাদে ওই বাজারের ব্যবসায়ীরা গতকাল রোববার দোকানপাট বন্ধ রাখেন।
হাসানের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে আবু হাসান দোকান বন্ধ করে বন্ধু নাজমুল হককে নিয়ে মোটরসাইকেলে করে শহরের উদয়ন পেট্রলপাম্পে যান। ওই পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রল ভরে বাড়িতে যাওয়ার পথে পলিকাদোয়ায় দুর্বৃত্তরা রশি দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় তারা হাসানকে ঈদগাহ মাঠের পাশে নিয়ে গলা কেটে হত্যা করে তাঁর মোটরসাইকেল নিয়ে যায়। এ ছাড়া তারা নাজমুলকে হাত ও চোখ বেঁধে মাঠের মধ্যে ফেলে রাখে। পরে নাজমুল বাড়িতে গিয়ে খবর দিলে আত্মীয়স্বজন এসে আবু হাসানের লাশ দেখতে পান। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুল, রাংতা গ্রামের মিজানুর রহমান ও বটতলী গ্রামের ওয়াজেদ আলীকে আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, আটক হওয়া ওই তিনজনের মধ্যে মিজানুর ও ওয়াজেদ চুরি ও মোটরসাইকেল ছিনতাইয়ের একাধিক মামলার আসামি।
এদিকে পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী হাসানুর রহমানকে শনিবার রাতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে তাঁর টিভিএস মোটরসাইকেল, মুঠোফোন ও ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ধরঞ্জী বাজার থেকে ফেরার পথে রাত ১০টার দিকে পাঁচবিবি-ধরঞ্জী রাস্তার শমসাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।