ইসলামী ব্যাংক লিমিটেডের জয়পুরহাট শাখার ভল্ট ভেঙে নগদ ১৭ লাখ ১৪ হাজার টাকা এবং একটি শটগান ও ১২টি গুলি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন: ওই ব্যাংকের নৈশপ্রহরী জহুরুল ইসলাম (৩৫), ব্যাংকের নিচে অবস্থিত ফৌজিয়া মার্কেটের নৈশপ্রহরী হারুনুর রশিদ (৩২), মার্কেটের পুরোনো কাঁসা-পিতল ব্যবসায়ী আবুল হোসেন (৪২) ও আবদুল মজিদ (৪৮)।পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, জয়পুরহাট শহরের প্রধান রাস্তার দক্ষিণ পাশের ফৌজিয়া মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংক লিমিটেডের জয়পুরহাট শাখায় শুক্রবার রাতের কোনো এক সময়ে ওই লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের দ্বিতীয় তলার ছাদে উঠে সিঁড়িঘরের তালা ভেঙে ব্যাংকে ঢোকে। এরপর গ্যাস ব্যবহার করে ভল্টের তালা কেটে নগদ ১৭ লাখ ১৪ হাজার ১৬৬ টাকা, একটি শটগান এবং শটগানের ১২টি গুলি লুট করে নিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, গতকাল শনিবার সকালে নৈশপ্রহরী জহুরুল ইসলাম মুঠোফোনে ঘটনাটি তাঁকে জানান। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের দুটি ভল্টের মধ্যে একটি ভাঙা অবস্থায় দেখতে পান। তবে অপরটি অক্ষত রয়েছে। টাকা ও অস্ত্র লুটের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানাপুলিশকে জানান। জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলপি গ্যাস সিলিন্ডার, কালো কাপড়ের একটি মুখোশ ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।ব্যবস্থাপক হাবিবুর রহমান আরও জানান, নৈশপ্রহরী জহুরুলের ওই রাতে ব্যাংকে পাহারায় থাকার কথা ছিল। তবে জহুরুল অনুপস্থিত ছিলেন। পুলিশের হাতে আটক জহুরুল প্রথম আলোকে বলেন, তিনি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাঁর শহরের বাসায় যান। রাতে তিনি ব্যাংকে ছিলেন না। শনিবার সকাল আটটার দিকে ব্যাংকে এসে তিনি ভল্ট ভাঙা অবস্থায় দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপককে মুঠোফোনে বিষয়টি জানান।খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম ও জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ব্যবস্থাপক হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন।