জয়পুরহাটে ভারতীয় পাঁচ তরুণ গ্রেপ্তার
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছেন।জয়পুরহাট-৫ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা দিয়ে গতকাল শনিবার ভোররাতে ভারতীয় তরুণ মাহবুল আলম, মো. রেজ্জাক, মো. শামীম, মো. রুমঞ্চাদ হোসেন ও সুদেব দেবনাথ বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিম হিলির ছানাপাড়া গ্রামে।আটক তরুণেরা জানায়, তারা বাংলাদেশের এক গরু ব্যবসায়ীর কাছে চারটি গরু পৌঁছে দেওয়ার জন্য আসে। তারা নিজেদের ছাত্র বলে দাবি করে।এদিকে শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে একই সীমান্তে চোরাকারবারীরা বস্তায় করে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারীরা পালিয়ে গেলে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।