জয়পুরহাটে মতিন হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে ২০০৬ সালে আবদুল মতিন হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আবদুর রহিম এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের ধারকী মণ্ডলপাড়া গ্রামের মৃত আবদুল কাদের মণ্ডলের ছেলে ওয়াজেদ আলী (৫৪), তাঁর দুই ছেলে আনু (২০) ও আবু হাসান (২৫), একই গ্রামের মোবারক আলীর দুই ছেলে চৈতুন মোল্লা (৪৩) ও ছাফাদুল (৩৮), মৃত আবদুল কাদের প্রামাণিকের ছেলে মছির উদ্দিন (৪৮) এবং মৃত মোক্তার আলীর ছেলে মুন্টু (৩০)। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মাহবুব আলম (২৫)।

এঁদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুন্টু আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। এ ছাড়া মামলার অপর এক আসামি ওই গ্রামের মৃত আবদুল কাদের প্রামাণিকের অপর এক ছেলে মন্তাজ উদ্দিন (৫১) মামলা চলাকালে মারা যান।

মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৬ সালের ২৭ অক্টোবর সকালে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী মণ্ডলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুল মতিনকে একই গ্রামের সাজাপ্রাপ্ত আসামিরা অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই শাহ আলম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম রব্বানী মামলাটি তদন্ত করে ২০০৭ সালে ৩০ মার্চ ওই নয়জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বাদী শাহ আলম প্রথম আলোকে জানান, এ রায়ে তিনি খুশি। অবিলম্বে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর হলে তাঁর ভাইয়ের আত্মা শান্তি পাবে বলে মনে করেন তিনি।