জয়পুরহাটে মস্তিষ্কপ্রদাহে বিক্রয় প্রতিনিধির মৃত্যু
জয়পুরহাটে মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়ে এবার ফেরদৌস আলম (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।এ নিয়ে গত এক সপ্তাহে জয়পুরহাটে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হলো। ফেরদৌস ওষুধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার শল্পীরামদহ গ্রামে।জেলা আধুনিক হাসপাতাল সূত্র জানায়, জয়পুরহাট পৌরসভার গুলশান এলাকার বাসিন্দা ফেরদৌস আলম প্রচণ্ড জ্বর ও মাথাব্যথা নিয়ে গত বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে গতকাল সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ফেরদৌসের রক্তের নমুনা ঢাকার মহাখালী রোগতত্ত্ব নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে। কয়েক দিন আগে ফেরদৌস খেজুরের রস ও বরই খেয়েছিলেন বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, জনসচেতনতা তৈরির জন্য কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। খেজুরের কাঁচা রস ও আংশিক খাওয়া ফল না খেতে এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়ার পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত-মুখ ভালোভাবে ধোয়ার পরামর্শ দিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। মসজিদ-মন্দিরে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।