জয়পুরহাটে মামলা, কুলাউড়ায় রেল কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় গত বৃহস্পতিবার রেললাইনে নাশকতার ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার উড়ি মাধবপাড়া রেল সেতু-সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রেললাইনের ফিশপ্লেট খুলে রেললাইন উপড়ে ফেলার ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় (জিআরপি) মামলা হয়েছে।
কুলাউড়ায় টিলাগাঁও ও মনু রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ (ঢাকা) আরমান হোসেন গতকাল শুক্রবার মুঠোফোনে জানান, রেললাইনের প্রতি তিন কিলোমিটারে দুজন করে ওয়েম্যান (পাহারাদার) আছেন। তার পরও নাশকতা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শ্রীমঙ্গল সেকশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আলী আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. কামরুল হাসান বলেন, ‘তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে ঘটনাটি নাশকতা বলে উল্লেখ করা হয়েছে।’
ওই ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় করা মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, উড়ি মাধবপাড়ায় রেললাইনে নাশকতার ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন আসামি করা হয়েছে।