জয়পুরহাটে মারাত্মক সংকটে হ্যাচারি শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়েছে জয়পুরহাট জেলার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা। চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ মিলছে। এতে বিপদে পড়েছেন পোলট্রি হ্যাচারির মালিকেরা। তাঁরা এখন জেনারেটর–নির্ভর হয়ে পড়েছেন।

গ্রাহকদের অভিযোগ, দিনে–রাতে ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন ১২ থেকে ১৩ ঘণ্টা। বাকি সময় লোডশেডিং করা হয়। জেলায় ছোট–বড় ১৫ থেকে ১৬ হাজার মুরগির খামার রয়েছে। জয়পুরহাটের হ্যাচারিগুলো থেকে সোনালি জাতের এক দিনের মুরগির বাচ্চা কিনে মুরগি পালন করে থাকেন ছোট-বড় এসব খামারি। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিপদে পড়েছেন তাঁরা। জেনারেটর চালিয়ে ডিম থেকে বাচ্চা ফোটাতে হচ্ছে। অতিরিক্ত জেনারেটর চালাতে গিয়ে তাঁদের খরচও বেড়ে যাচ্ছে। এতে লাভের চেয়ে লোকসান গুনতে হচ্ছে হ্যাচারি মালিকদের।

জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে হ্যাচারি গড়ে তুলেছেন জয়পুরহাট শহরের আরাফাত নগরের আলমগীর হোসেন। কামাল পোলট্রি প্রোডাক্টের মালিক আলমগীর হোসেন বলেন, ডিম ফোটাতে হ্যাচারিতে কখনোই বিদ্যুৎ বন্ধ রাখা যায় না। কিছু সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ থাকলে তাপমাত্রা কমে গিয়ে ডিম নষ্ট হবে। ওই ডিম থেকে আর বাচ্চা পাওয়া যাবে না। এ কারণে সব হ্যাচারিতেই জেনারেটর রাখা হয়েছে। তাঁরা ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ পান না। তিনি আরও বলেন, ভয়াবহ লোডশেডিংয়ের ফলে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকার তেল কিনতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে হ্যাচারি টিকিয়ে রাখা দায়। জেলায় পল্লী বিদ্যুতের আওতায় ৫০টির মতো হ্যাচারি রয়েছে বলে তিনি জানান।

আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের শেফালী পোলট্রি ও হ্যাচারি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আবদুল গনি জানান, তাঁদের হ্যাচারিতে প্রতি মাসে তিন লাখ ৬০ হাজার সোনালি জাতের ডিম ফুটিয়ে বাচ্চা তোলা হয়। বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় এখন জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রতি মাসে তাঁদের জেনারেটরের তেল খরচ হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা। গত দেড় মাস বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। কোনো কোনো সময় দিনে–রাতে তিন থেকে চার ঘণ্টাও থাকে না।

সদর উপজেলার সাহাপুর গ্রামের আবদুর রশিদ বলেন, আধা ঘণ্টা থেকে বিদ্যুৎ চলে যায়। দেখা গেল আড়াই–তিন ঘণ্টা পর আসে। সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মাসুদ রানা বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে গেল। আবার রাত ১টার দিকে আসে। আবার রাত আড়াইটার দিকে চলে যায়, ফজরের নামাজের সময় আসে। আক্কেলপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের গৃহবধূ আসমা বেগম বলেন, সন্ধ্যা সময়ও বিদ্যুৎ থাকে না। সন্ধ্যারাতে গৃহস্থালির কাজ করা যায় না। কেরোসিনের কুপি ধরে রান্নার কাজ করতে হয়।

লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আব্দুর রউফ মুঠোফোনে বলেন, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। তিনি জানান, তিনটি গ্রিড থেকে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ পেয়ে থাকে। জয়পুরহাট গ্রিড লাইন থেকে ২৩, বগুড়া গ্রিড থেকে ৮ এবং নওগাঁ গ্রিড লাইন থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ মেলে। এখন অর্ধেক পরিমাণ বিদ্যুৎ মিলছে। এ জন্য বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।