জয়পুরহাটে মুরগির ছয় হাজার খামারি বিপাকে
হরতালের কারণে জয়পুরহাটে মুরগির ছয় হাজার খামারের মালিকেরা বিপাকে পড়েছেন। ডিম, মুরগির বাচ্চা ও মুরগি বিক্রি কমে যাওয়ায় এ শিল্পে ধস নেমেছে। অনেকেই ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। একই কারণে মুরগির খামারে খাদ্য সরবরাহকারী কারখানার মালিকদের লোকসান দিতে হচ্ছে।খামারমালিকেরা জানান, সোনালি জাতের এক কেজি মুরগি উৎপাদনে ১৯০ থেকে ১৯৫ টাকা খরচ হয়। হরতালের কারণে দুই মাস ধরে প্রতি কেজি মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে প্রতি কেজিতে ৩৫ থেকে ৩০ টাকা লোকসান গুনতে হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাসে আগেও এ জাতের মুরগি ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। বাচ্চা ফোটানোর প্রতিটি ডিম উৎপাদনে সাড়ে আট টাকা থেকে নয় টাকা পর্যন্ত খরচ পড়ে। এখন বাজারে ওই ডিম পাঁচ থেকে ছয় টাকা দরে বিক্রি হচ্ছে। দুই মাস আগেও প্রতিটি ডিম ১১ থেকে ১২ টাকায় বিক্রি হয়েছে। আগে সোনালি জাতের এক দিনের বাচ্চা ছয় থেকে আট টাকা দরে বিক্রি হচ্ছে। বাচ্চাপ্রতি হ্যাচারি-মালিকদের অর্ধেকেরও বেশি লোকসান দিতে হচ্ছে।জয়পুরহাট রিলায়েন্স পোলট্রি অ্যান্ড হ্যাচারির মালিক বেলায়েত হোসেন জানান, জেলায় মুরগির ছয় হাজার খামার, ২৩টি হ্যাচারি ও সাতটি খাদ্য সরবরাহকারী কারখানা আছে। এসব প্রতিষ্ঠানে মালিকেরা প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এখন রাজনৈতিক অস্থিরতায় এই শিল্প ধ্বংসের মুখে পড়েছে। অনেকেই ব্যবসা গুটানোর চিন্তা করছেন। গত দুই মাসে তাঁর ১৮ থেকে ২০ লাখ টাকা লোকসান হয়েছে।মুরগির খাদ্য উৎপাদনকারী কারখানার মালিক মাহমুদুল হক জানান, হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় তিনি মুরগির খাদ্য জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় ব্যবসায়ী ও খামারিদের কাছে পৌঁছাতে পারছেন না। জয়পুরহাট শহরের প্রত্যয় পোলট্রি খামারের মালিক আলমগীর হোসেন জানান, গত রোববার তিনি সোনালি জাতের ১০ হাজার মুরগি বিক্রি করে আড়াই লাখ টাকা লোকসান দিয়েছেন।আক্কেলপুর উপজেলার পূর্ব রুকিন্দিপুর গ্রামের খামারমালিক শাহাদৎ হোসেন জানান, তাঁর খামারে সোনালি জাতের সাড়ে পাঁচ হাজার মুরগি আছে। যেভাবে দরপতন হচ্ছে, এ অবস্থা থাকলে তাঁকে বিপুল অঙ্কের টাকা লোকসান দিতে হবে।জয়পুরহাট শহরের বিসিক এলাকার কৃষাণ হ্যাচারি প্রাইভেট লিমিটেডের মালিক আখতারুজ্জামান জানান, জেলার ২৩টি হ্যাচারির মধ্যে চারটি বন্ধ হয়ে গেছে। এসব হ্যাচারির প্রায় অর্ধকোটি ডিম থেকে সোনালি জাতের বাচ্চা ফোটানো হতো। হরতালের কারণে বাচ্চা বিক্রি করা সম্ভব হচ্ছে না। দুই মাসে তাঁদের ২০ থেকে ২৫ লাখ টাকা লোকসান হয়েছে।জয়পুরহাট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শফিউজ্জামান জানান, জেলায় মুরগির নিবন্ধিত খামারের সংখ্যা এক হাজার ৪৬৩টি। নিবন্ধনহীন আরও পাঁচ হাজার খামার রয়েছে। হরতাল ও অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় খামারিরা তাঁদের উৎপাদিত মুরগি, ডিম ও বাচ্চা বিক্রি করতে পারছেন না।