জয়পুরহাটে মুরগির মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে জয়পুরহাটে রানীক্ষেত ও গামবোরো রোগে আক্রান্ত হয়ে সোনালি জাতের মুরগি ব্যাপক হারে মারা যাচ্ছে। এতে খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন।
খামারিরা বলেছেন, বিশেষ করে ৩৫ থেকে ৪৫ দিন বয়সের সোনালি জাতের মুরগির প্রথমে মাথা কাঁপা শুরু হয়। এরপর সবুজ ফেনাযুক্ত বিষ্ঠা ত্যাগ করে। ঝিম মেরে বসে থাকার পর মারা যায়। প্রথমে কোনো কোনো খামারের ১০-১৫টি মুরগি আক্রান্ত হয়। সাত থেকে ১০ দিনের মধ্যে কয়েক শ মুরগি মারা যায়।
জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুস্তম আলী গতকাল বৃহস্পতিবার বলেন, শুধু শীতজনিত কারণে নয়, কিছু খামারির অসচেতনতাও দায়ী। কেউ কেউ ঠান্ডার হাত থেকে মুরগিকে রক্ষার জন্য এমনভাবে খামার পলিথিন দিয়ে ঘিরে রাখেন যে এতে খামারে প্রচণ্ড গ্যাসের সৃষ্টি হয়। ফলে মুরগি প্রথমে সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে ওই মুরগিগুলো রানীক্ষেত ও গামবোরো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি আরও বলেন, বিভিন্ন ওষুধ কোম্পানির লোকদের ভুল চিকিৎসা ও নিম্নমানের ওষুধ বাকিতে নিয়ে প্রয়োগ করার কারণেও অনেক মুরগি মারা যেতে পারে। এ জন্য তিনি প্রাণিসম্পদ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সেবা নিতে পরামর্শ দেন। তিনি এও বলেন, খামারিরা প্রয়োজনে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মুঠোফোনে দিন–রাত যে কোনো সময় যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
জয়পুরহাট শহরের আমতলী এলাকার বি চৌধুরী পোলট্রি খামারের মালিক বুলু চৌধুরী বলেন, গত ১০-১৫ দিনে তাঁর ৩২ দিন বয়সের পাঁচ হাজার এবং ৬০ দিন বয়সের দুই হাজার মুরগি মারা গেছে। এতে তাঁর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই এলাকার প্রত্যয় পোলট্রি খামারের মালিক আলমগীর হোসেন বলেন, গত এক সপ্তাহের মধ্যে তাঁর খামারের ৪০ দিন বয়সের সাত হাজার মুরগি রানীক্ষেত ও গামবোরো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এতে তাঁর অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের আব্বাস পোলট্রি খামারের মালিক আব্বাস আলী বলেন, গত এক সপ্তাহে তীব্র ঠান্ডায় রানীক্ষেত রোগে ৫০ দিন বয়সের ৯০০ মুরগি মারা গেছে। এ ছাড়া ১ হাজার ৬০০ মুরগি কম দামে বিক্রি করেছেন। পাঁচবিবির আটাপাড়ার ভীমপুর গ্রামের পোলট্রি ফিড ও সোনালি জাতের এক দিনের বাচ্চা বিক্রেতা নাজমুল হক বলেন, তিনি এই এলাকায় খামারিদের মধ্যে বাকিতে মুরগির বাচ্চা ও খাদ্য বিক্রি করে থাকেন। এলাকায় যেভাবে মুরগি মারা যাচ্ছে, তাতে খামারিরা কীভাবে তাঁর দেনা পরিশোধ করবেন, এ নিয়ে তিনি চিন্তায় আছেন।
সদর উপজেলার পালী গ্রামের ফারুক হোসেন বলেন, গত এক সপ্তাহের মধ্যে তাঁর তামিম পোলট্রি খামারের ৫১ দিন বয়সের ৩০০ মুরগি মারা গেছে। তাঁর দাবি, এলাকার অধিকাংশ খামারির মুরগি মারা গেছে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত খামারের সংখ্যা ১ হাজার ৫১১টি। এ ছাড়া আরও অন্তত সাত হাজার খামার আছে।